চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে উত্তীর্ণের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
এবার উত্তীর্ণের হার ৭৮ দশমিক ২৭ শতাংশ। গতবারের চেয়ে তা ৫ দশমিক ৯৬ শতাংশ। গতবার এ হার ছিলো ৭২ দশমিক ৩১ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে তা ৯৮১ জন কম। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ হাজার ৮০০।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৫৬৭ এবং ছাত্রী ২ হাজার ২৫২ জন।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত।
এবারে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭৭ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৭ হাজার ৩২৫ জন পরীক্ষায় অংশ নেয়, উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৫২১ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ৫৭২ জন ছাত্র এবং ৩০ হাজার ৯৪৯ জন ছাত্রী।
বিজ্ঞানে বিভাগে গড় উত্তীর্ণের হার ৮৯ দশমিক ২৪ শতাংশ। মানবিকে ৬১ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ দশমিক ৪৭ শতাংশ।
চট্টগ্রামে মেয়েদের তুলনায় ছেলেরা ভালো করেছে। চট্টগ্রামে পরীক্ষার্থীদের মধ্যে ৮০ দশমিক ১২ শতাংশ ছেলে উত্তীর্ণ হয়েছে। মেয়েদের ক্ষেত্রে এ হার ৭৬ দশমিক ৫৮ শতাংশ।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে পীযূষ দত্ত সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হারে সামগ্রিকভাবে উন্নতি হয়েছে।
সামগ্রিক ফলাফলে বোর্ডে এবার সেরা হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তাদের ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক বিচারে তাদের প্রাপ্ত পয়েন্ট ৮৯ দশমিক ৪৪।
দ্বিতীয় হয়েছে কলেজিয়েট স্কুল (৮৮ দশমিক ৪২)। জিপিএ-৫ পাওয়ার দিকে থেকে সর্বোচ্চ এ স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫০০ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন।
এবার উত্তীর্ণের হার সর্বোচ্চ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে গত পাঁচ বছরের মধ্যে এবারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার সর্বোচ্চ।
২০০৬ সালে চট্টগ্রামে উত্তীর্ণের হার ছিল ৬৩ দশমিক ৮৭ শতাংশ। পরের বছর তা ৫ দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়ায় ৫৭ দশমিক ৯৪ শতাংশে।
২০০৮ সালে উত্তীর্ণের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭২ দশমিক ৬২ শতাংশে। ২০০৯ সালে আবারো উত্তীর্ণের হার হ্রাস পায়। ওই বছর চট্টগ্রামে পাশের হার ছিল ৬৯ দশমিক ৬১ শতাংশ। ২০১০ সালে উত্তীর্ণের হার বেড়ে হয় ৭২ দশমিক ৩১ শতাংশ।
শূন্য উত্তীর্ণ প্রতিষ্ঠান নেই
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার ৪৮ শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। এ তালিকার প্রথম ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আটটিই নগরীতে অবস্থিত।
এবার উত্তীর্ণের হার শূন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান নেই।
গতবার শতভাগ উত্তীর্ণের হার প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১টি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমপিওভুক্তির ক্ষেত্রে কড়াকড়ি করার ফলে শূন্য উত্তীর্ণের শিক্ষা প্রতিষ্ঠান এবারে নেই।"
শতভাগ উত্তীর্ণের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। এটির ১৭৬ জন ছাত্রীর সবাই উত্তীর্ণ হয়েছে।
তালিকার শীর্ষ ১০-এর অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- সেন্ট স্কলাসটিকা গার্ল হাই স্কুল (দ্বিতীয়; ১৭০ জন), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (তৃতীয়; ১৫৮ জন), চট্টগ্রাম আইডিয়্যাল হাই স্কুল (চতুর্থ; ১৩৯ জন), অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় (পঞ্চম; ১৩৮ জন), বি এ এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ (ষষ্ঠ ; ১৩৮ জন), বেপজা পাবলিক স্কুল কলেজ (সপ্তম; ১২০ জন), ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ (অষ্টম; ১০৮ জন), বোয়ালখালী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (নবম ; ১০৪ জন) ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ (দশম; ৮৯ জন)।
সেরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ
সামগ্রিক ফল বিচারে এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সেরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
এ প্রতিষ্ঠান থেকে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৪৫ জন। অংশ নিয়ে পাশ করেছে ৪৪ জন। এদের সকলেই জিপিএ-৫ পেয়েছেন। অপর পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
গতবারের মতো এবারও চারটি মানদণ্ডের ভিত্তিতে শিক্ষাবোর্ডের সেরা ২০ স্কুল নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, মোট পরীক্ষার্থীর শতকরা উত্তীর্ণের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর মোট সংখ্যার পয়েন্ট মিলিয়ে তা নির্ধারণ করা হয়।
সে হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাপ্ত পয়েন্ট ৮৯ দশমিক ৪৪। গতবার তারা এ তালিকার দ্বিতীয় স্থানে ছিল।
শীর্ষদশের অন্য বিদ্যালয়গুলো হলো (ক্রমানুসারে)- ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ৯৭), ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৮৭ দশমিক ৩৯), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৬ দশমিক ৭৭), বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ (৮৫ দশমিক ৪০), সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৮৩ দশমিক ৯৯), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৮২ দশমিক ৭২), সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল (৮১ দশমিক ৬৫), নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (৭৯ দশমিক ৫৮)।
ছাত্রদের পাশের হার বেশি
পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এএসসি পরীক্ষায় ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে।
এবারে ছাত্র উত্তীর্ণের হার ৮০ দশমিক ১২ শতাংশ, ছাত্রীর ক্ষেত্রে তা ৭৬ দশমিক ৫৮। গতবারের চেয়ে এবারে ছাত্র-ছাত্রী উভয় ক্ষেত্রে উত্তীর্ণের হার বেড়েছে। গতবার ছাত্র উত্তীর্ণের হার ছিল ৭৫ দশমিক ৪৯ এবং ছাত্রী উত্তীর্ণের হার ছিল ৬৯ দশমিক ৩০ শতাংশ।
৩৬ হাজার ৯৫৮ জন ছাত্র অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ৫৭২ জন, ৪০ হাজার ৫০৭ জন ছাত্রী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ৯৪৯ জন।
এবারে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ৫৬৭ জন, আর ছাত্রীর সংখ্যা ২ হাজার ২৫২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/পিডি/২২১১ ঘ.
bdnews24