২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের জন্য ধর্মঘট

রংপুর কারমাইকেল সরকারি কলেজে এক শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

রংপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল সরকারি কলেজে এক শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাকের বদলির আদেশ বাতিলের আলটিমেটাম দিয়েছে। শিক্ষার্থীরা বলছে, আব্দুর রাজ্জাক শিক্ষক হিসেবে অনেক জনপ্রিয়। তিনি ক্লাসে ভালো পাঠদান করেন। তাকে আরো সময় শিক্ষার্থীদের প্রয়োজন। বুধবার বিকালে শিক্ষামন্ত্রণালয়ের এক আদেশে আব্দুর রাজ্জাককে ১৫ মে'র মধ্যে নীলফামারী সরকারি কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ ড. দীপ কেন্দ্র নাথ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুর রাজ্জাকের বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। কিন্তু এটি রুটিন ওয়ার্ক। তারপরও আমরা আদেশ বাতিলের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবো।" সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ খান নান্নু, জিকরুল মাহবুব শোভন, শফিউল আলম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রোকনুজ্জামান রোকন, ছাত্র ইউনিয়ন নেতা জুয়েল, ছাত্রদল নেতা পান্না, শিক্ষার্থী উজ্জ্বল, সুজন, আপেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০৮ ঘ.