২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জেএসসিতে 'ফেল' ৯৮২ জন উত্তীর্ণ

যশোর বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ফলাফলে ফেল দেখানো ৯৮২ জন উত্তীর্ণ হয়েছে, এর মধ্যে ১৫৬ জন পেয়েছে 'এ প্লাস'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

যশোর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ফলাফলে ফেল দেখানো ৯৮২ জন উত্তীর্ণ হয়েছে, এর মধ্যে ১৫৬ জন পেয়েছে 'এ প্লাস'। ফল পুনর্মূল্যায়নের পর ৯৮২ জন উত্তীর্ণ বলে দেখা গেছে। গত ৩০ ডিসেম্বর ফল প্রকাশের পর ৩ হাজার ২৩৪ জন পুনর্মূল্যায়নের আবেদন জানায়। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, পুনর্মূল্যায়নের আবেদনকারীদের মধ্যে ৯৮২ জন কৃতকার্য বলে দেখা গেছে। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১৫৬ জন । দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে ১০ জেলার ১ লাখ ৪৪ হাজার ৪৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৯০ হাজার ২৩৫ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয় ৫৪ হাজার ২৫৭ জন। উত্তীর্ণের হার ৬২ দশমিক ৪৫ শতাংশ, যা অন্যসব বোর্ডের চেয়ে কম ছিলো। ফল বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা। এরপর মোবাইল ফোনের মাধ্যমে দু'দফায় ফল পুনর্মূল্যায়নের আবেদন নেওয়া হয়। উপপরীক্ষা নিয়ন্ত্রক জুলফিকার আলী জানান, পুনর্মূল্যায়নের আবেদনকারীদের অধিকাংশই শহুরে শিক্ষার্থী। সচেতনতা না থাকায় গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এ বিষয়ে আগ্রহ দেখায়নি। পুনর্মূল্যায়নে এত পরিবর্তন আগে দেখা যায়নি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.