ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শতাংশ আয়কর এবং বাড়ি ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্যসংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
একই সঙ্গে সমিতি বিশ্ববিদ্যালয়গুলো মনিটরিংয়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে 'বেসরকারি খাতে উচ্চ শিক্ষার জন্য আগামী বাজেটে করণীয়' শীর্ষক এক আলোচনায় এ দাবি জানানো হয়।
সমিতির চেয়ারম্যান সিএম শফি সামী বলেন, নৈতিকতা যাদের নেই তারা ভুয়া সার্টিফিকেট দেয়, শিক্ষা নিয়ে বাণিজ্য করে। এগুলো বন্ধ করতে সবাইকে কাজ করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সবাইকে দায়ী করা যাবে না।
পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য বৈষম্যমূলক বাজেট না করতে সরকারের প্রতি আহ্বান জানান তত্ত্ববধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।
সিএম শফি সামী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ভ্যাট এবং ট্যাক্স আদায় করা হলে শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারবে না।
এ ধরনের বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় অযৌক্তিক, অনৈতিক ও অবৈধ বলে দাবি করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী।
পরীক্ষাগার ও পাঠাগার প্রতিষ্ঠায় এবং গবেষণার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখারও দাবি জানান তিনি।
সমিতির সহ-সভাপতি আবুল কাশেম বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ বা বিভাগ করতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা জরুরি।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান এবং কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি কমিশন গঠনেরও প্রস্তাব করেন তিনি।
আলোচনা সভায় জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির মহাসচিব আলিম উল্লাহ মিয়ান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক এলাহী চৌধুরী, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামসুল হক, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুব উল্লাহ এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন একেএম আতিকুর রহমান বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬২৮ ঘ.
bdnews24