ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারী জজ নিয়োগে জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।
গত ২ এপ্রিল প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক জানান, নতুন নিয়মে সহকারী জজ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে ডিগ্রির পাশাপাশি বার কাউন্সিলের সনদ থাকার শর্ত দেওয়া হবে।
এর প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আইন বিভাগের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। জাতীয় শহীদ মিনারের সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।
এ সময় রাস্তার ওপর কাগজ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা বলেন, বিচার বিভাগে নিয়োগপ্রাপ্তদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য এই শর্ত আরোপের কথা বলা হচ্ছে। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট থাকায় এবং বার কাউন্সিলের পরীক্ষা দীর্ঘমেয়াদী হওয়ায় এই শর্তের কারণে পর্যাপ্ত সংখ্যক আবেদনকারীই পাওয়া যাবে না।
তারা অভিযোগ করেন, বার কাউন্সিল পরীক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া ও নিয়োগ পরীক্ষায় মেধা তালিকার উপরের দিকে থাকা প্রার্থীদের মূল্যায়নপত্র জালিয়াতি করে অকৃতকার্য দেখানোরও নজির রয়েছে। পরীক্ষা গ্রহণে দীর্ঘসূত্রতা কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার আগে বার কাউন্সিলকে এ সুযোগ দিলে অনিয়মের সুযোগ আরো বেড়ে যাবে।
বাংলাদেশে আইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায়োগিক আইনের প্রতি জোর দেওয়া হয় জানিয়ে বার কাউন্সিলের সনদের আর প্রয়োজন নেই বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১১ ঘ.
bdnews24