ঝিনাইদহ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার উপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শেখপাড়া বাজরে এ হামলা হয়।
হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন, সবজি ব্যবসায়ী জাহিদুল ইসলাম, আব্দুল বারি ও পিকুল আহত হন।
তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সাবেক সাংসদ দবির উদ্দিন জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে একটি দোকানের সামনে বসে কয়েকজনের সঙ্গে গল্প করার সময় একটি মাইক্রোবাসে এসে দৃর্বৃত্তরা তুহিনকে লক্ষ্য করে বোমা মেরে চলে যায়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা শেখপাড়া বাজার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24