ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদিকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে সরকার সমর্থক ছাত্রলীগের একটি অংশ।
বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসের ফটক আটকে 'সাধারণ ছাত্রছাত্রী' মিছিল করে তারা।
আন্দোলনকারীদের পক্ষে ৩৫তম ব্যাচের ছাত্র আমিনুর রহমান অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে ডা. সামিউল নিষ্ঠার সঙ্গে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ওনাকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ দেখছি না আমরা।"
সামিউলকে উপাধ্যক্ষের পদে পুনর্বহাল না করা পর্যন্ত তারা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবেন বলেও অপু জানান।
প্যাথলজি বিভাগের প্রধান ডা. সামিউল একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার তাকে উপাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মিছিল-সমাবেশের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের একটা অংশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে মিছিল করছে। অন্য একটি অংশও ক্যাম্পাসে অবস্থান নিয়ে আছে। তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এফএফ/এমআই/১১১১ ঘ.
bdnews24