ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে তিনি এই অনুরাধ জানান।
ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ মে অধ্যাপক নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাত হাজার জ্যেষ্ঠ শিক্ষক কর্মরত রয়েছেন উল্লেখ করে বিদায়ী চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আরও সাত হাজার জ্যেষ্ঠ শিক্ষক তৈরি করা প্রয়োজন।
পিএইচডি ও এমফিল ডিগ্রীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ সুবিধা এবং বেতন বাড়ানোর পক্ষেও জোরালো মত প্রকাশ করেন তিনি।
অধ্যাপক নজরুল ইসলাম রাষ্ট্রপতিকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত 'অ্যাক্রিডিটেশান কাউন্সিল' গঠন করা হলে উচ্চশিক্ষার গুণগত মান বাড়বে।
রাষ্ট্রপতি এসব বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সচিব এ সময় উপস্থিত ছিলেন বলে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২০৩ ঘ.
bdnews24