বাগেরহাট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য বিভাগের দেওয়া কৃমিনাশক বড়ি খেয়ে বাগেরহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২৫ জন শিশু অসুস্থ হয়েছে।
তাদের মধ্যে ১৭ জনকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারা এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।
সোমবার সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসা নেয়- পঞ্চম শ্রেণীর রাবেয়া সুলতানা, হীরা, আকলিমা, রিক্তা, ওমর ফারুক, শরিফুল, শারমিন, ফতেমা, চতুর্থ শ্রেণীর কারিমা, সাদিয়া, তাহিরা পূর্ণিমা, তৃতীয় শ্রেণীর সোহাগী, ইশরাত জাহান আরশি, আঁখি আক্তার, সওদা, সময় আক্তার মিম ও আঁখি।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে শিশুদের জরুরি বিভাগে আনা হয়।
তারা তীব্র পেট ব্যাথা, মাথা ব্যাথা, বমি বমি ভাব, গা হাত পা কাঁপা ইত্যাদি সমস্যার কথা বলে। সে অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. তপন কুমার শীল জানান, তীব্র গরম, অপুষ্টিজনিত শারীরিক দুর্বলতা এবং খালি পেটে থাকার কারণে শিশুরা অসুস্থ হয়েছে। চিকিৎসা দেওয়ার পর তারা এখন আশঙ্কামুক্ত।
তিনি বলেন, সরকারিভাবে সরবরাহ করা এসেনশিয়াল ড্রাগসের এসব কৃমিনাশক বড়িতে কোনো সমস্যা ছিল না বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ, ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত এসব ওষুধের মেয়াদ রয়েছে।
মুক্ষাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী মৈত্র বলেন, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে উপস্থিত অর্ধশতাধিক শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। এর আগে তারা সকালে বাড়ি থেকে খেয়ে এসেছে কি না জানতে চাওয়া হয়। যারা খেয়ে আসেনি বলে জানিয়েছে তাদের বড়ি খাওয়ানো হয়নি।
বড়ি খাওয়ানোর ঘণ্টাখানেক পরে বেশ কিছু ছেলে-মেয়ে মাথা ও পেটে তীব্র ব্যাথার কথা জানায়। কেউ কেউ অচেতন হয়ে পড়ে। অসুস্থ বেশ কয়েকজনকে অভিভাবকরা বাড়ি নিয়ে যান। বাকি ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকরাম হোসেন বলেন, সোমবার কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কথা আমাকে কেউ জানায়নি। জানলে এই গরমে ওষুধ খাওয়াতে নিষেধ করতাম।
সাংসদ মীর শওকাত আলী বাদশা বিকালে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুদের চিকিৎসার খোঁজ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24