ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক এখন থেকে অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে।
'শিখব, যেকোন স্থানে, যেকোন সময়'- স্লোগানের সাইটটি থেকে বই ডাউনলোড করে মোবাইল ফোন, পিডিএ, সিডি ও আইপ্যাড-এর মতো ডিজিটাল ডিভাইসেও পড়া যাবে।
ইন্টারনেটে এসব বই পাওয়া যাবে www.ebook.gov.bd এই ঠিকানায়।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-বুকের নতুন সাইটটি উদ্বোধন করেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি) ও ইউএনডিপি'র অর্থায়নে পরিচালিত অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের ২০ হাজার পাঁচশ' মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করার উদ্বোগের কথা তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল যুগের সঙ্গে পরিচিত হতে পারবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন এবং অ্যাক্সেস টু ইনফরমেশনের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24