২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষার্থীকে রাতভর মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল থেকে গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল থেকে গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আহত কামরুল হাসান সোহাগ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী। শহীদ সালাম বরকত হলের ২১৪ নম্বর কক্ষে তিনি থাকতেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় সোহাগকে ওই হলের ৩৩০ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হলের কয়েকজন ছাত্র জানিয়েছেন, ছাত্রদলকর্মী সন্দেহে বৃহস্পতিবার ছাত্রলীগ সহ-সভাপতি নিয়ামুল পারভেজের অনুসারীরা রাতভর মারধর করে দুপুর পর্যন্ত হলের ৩৩০ নম্বর কক্ষে আটকে রাখে। এরপর হল প্রাধ্যক্ষকে ফোন করলে আহত অবস্থায় উদ্ধার করে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এ বিষয়ে শহীদ সাালাম বরকত হলের প্রাধ্যক্ষ কৌশিক শাহা বলেন, "দুপুর ২টার দিকে সোহাগ মোবাইল ফোনে আমাকে বলে যে সে খুব অসুস্থ। পরে চিকিৎসাকেন্দ্রে বিষয়টি জানানো হলে তাকে সেখানে নেওয়া হয়।" তবে মারধরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. শ্যামল কুমার শীল বলেন, "সোহাগের অবস্থা দেখে মনে হয়েছে তাকে রাতভর মারধর করা হয়েছে।" জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার সভাপতি জাকির হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, হলের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশাসনকেই দিতে হবে। অবশ্য ঘটনার সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ জাবি শাখার সহ-সভাপতি নিয়ামুল পারভেজ। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর প্রথম কোন শিক্ষার্থীকে ছাত্রদল সন্দেহে মারধর করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৮ ঘ.