ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ছুটি নিয়ে ঠিক সময়ে কাজে যোগ না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরো দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বুধবার রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
এছাড়া এক শিক্ষককে চাকরিচ্যুত করার প্রাথমিক সিদ্ধান্ত এবং তিন জনকে আট সপ্তাহ ও একজনকে চার সপ্তাহের মধ্যে চাকরিতে যোগ দিতে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিদেশে অবস্থানরত এসব শিক্ষক কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধেও 'নিয়ম অনুযায়ী' ব্যবস্থা নেওয়া হবে বলে ড. মঈনুল জানান।
চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন- ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হেদায়েতুল্লাহ চৌধুরী ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. ফয়জুল হক।
এছাড়া ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসরিন ইসলাম খানকে চাকরিচ্যুত করার প্রাথমিক সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়। এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটিকে একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর শিগগিরই এ ব্যপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মঈনুল ইসলাম জানান।
যাদের আট সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে তারা হলেন- ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিফাতুল কাদের চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক ড. মে. মুনির উদ্দিন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মুশফিক উদ্দিন।
এ ছাড়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক এ জেড এম আনিসুর রহমানকে চার সপ্তাহের মধ্যে চাকরিতে দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের আরো দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০৮ ঘ.
bdnews24