জান্নাতুল ফেরদাউস
ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই হাজার ৭০৪টি কমিউনিটি প্রাথমিক স্কুলকে (এমপিওভুক্ত) রেজিস্টার্ড স্কুলে উন্নীত করতে যাচ্ছে সরকার।
আগামী মাস থেকেই এসব স্কুল 'রেজিস্টার্ড স্কুলের' মর্যাদা পাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার।
দেশে মোট তিন হাজার ৭৮২ টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব শিশুকে স্কুলমুখী করা ও ঝরেপড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়। মে মাস থেকে এসব স্কুল রেজিস্টার্ড স্কুলের মর্যাদা পাবে। ইতোমধ্যেই স্কুল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। রেজিস্টার্ড হওয়ার পর পুরোপুরি সরকারী বিধিমালায় এসব স্কুল পরিচালিত হবে।
আব্দুল আউয়াল জানান, কমিউনিটি স্কুলগুলোকে রেজিস্টার্ড স্কুলে উন্নীত করতে বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। এতে কেউ 'অনৈতিক লেনদেন' করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রেজিস্টার্ড হওয়ার পর এসব স্কুলের শিক্ষকরা সরকারি স্কুলের শিক্ষকদের মতো মূল বেতন ছাড়াও প্রতি মাসে বাড়ি ভাড়া দু'শ টাকা, মেডিকেল ভাতা দু'শ টাকা, আনুষঙ্গিক খরচ দু'শ টাকা, বছরে দু'টি বোনাস (বেতনের অর্ধেক অর্থ) এবং অবসর সুবিধা পাবেন।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও মনিটরিং ইউনিটের মহা পরিচালক (যুগ্ম সচিব) নূর উদ্দিন আহমেদ জানান, বর্তমানে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণহীন সহকারী শিক্ষকরা বেতন পান চার হাজার সাত'শ টাকা স্কেলে, প্রশিক্ষণপ্রাপ্ত (সার্টিফিকেট ইন এডুকেশন) সহকারী শিক্ষকরা পান চার হাজার নয়শ' টাকা। বর্তমানে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কোন পদ নেই। কিন্তু রেজিস্টার্ড হওয়ার পর প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হবে। এতে প্রশিক্ষণহীন প্রধান শিক্ষক বেতন পাবেন পাঁচ হাজার দু'শ টাকা স্কেলে এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক পাবেন পাঁচ হাজার পাঁচশ' টাকা স্কেলে।
তিনি আরো বলেন, রেজিস্টার্ড স্কুলের শিক্ষকরা সারাজীবনে যতো মাস চাকরি করবেন, অবসর গ্রহণের পর ততো মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পেনশন ভাতা হিসেবে পাবেন।
১৯৯৩-'৯৪ সালে দেশে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় যাত্রা শুরু করে। এশীয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এবং জার্মানির কয়েকটি সংস্থার যৌথ তহবিলে দেশের বিভিন্ন জেলায় এ স্কুলের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বেশ কিছু স্কুলকে এমপিওভুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24