২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বাঙালি 'হত্যার' প্রতিবাদে চবিতে মানববন্ধন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৩ বাঙালি 'হত্যার' প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পার্বত্য বাঙালি শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৩ বাঙালি 'হত্যার' প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পার্বত্য বাঙালি শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় চবি শহিদ মিনার চত্বরে 'চবি পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ' এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে চবি প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে পরিষদের সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বক্তৃতা করেন। রোববার খাগড়াছড়ির রামগড়ে ভূমি দখল নিয়ে পাহাড়ি ও বাঙালি বসতিস্থাপনকারীদের সংঘর্ষে তিন বাঙালি নিহত হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজাতীয় সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র থাকায় বিভিন্ন সময়ে নানা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাচ্ছে তারা। পার্বত্য অঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করায় উপজাতীয় সন্ত্রাসীরা বাঙ্গালিদের বিভিন্ন সময়ে হামলা এবং হত্যা করছে। সমাবেশে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালিদের সাংবিধানিক অধিকারের দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/পিডি/১৯৫৯ ঘ.