ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে তারা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন।
সাংবাদিক সমিতির সহ-সভাপতি সোলাইমান সালমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক মানববন্ধন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
গত ১৭ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি কামরুল হাসান গ্র"পের কর্মী মামুন হোসেন (মনোবিজ্ঞান) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার বিশ্বদ্যিালয় প্রতিনিধি মো. জামিল খান ও দৈনিক নয়াদিগন্ত'র প্রতিনিধি এম সুজাউল ইসলামকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ওই দুই সাংবাদিক জীবনের নিরপত্তা চেয়ে সোমবার কোতয়ালী থানায় পৃথক দুটি জিডি করেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা মানববন্ধন করেছেন। তবে তিনি এর বেশি আর কিছু বলতে চাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24