রাজশাহী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাসেরও বেশি বন্ধ থাকার পর সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়।
তবে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য মিছিল-মিটিং নিষিদ্ধ করেছে প্রশাসন।
রোববার রাতে অনুষ্ঠিত রুয়েটের 'বিশেষ সিন্ডিকেট সভা'য় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রুয়েটের ১১ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৩ ফেব্র"য়ারি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী রুয়েট শহীদ মিনারের বেদিতে সেন্ডেলসহ উঠলে রুয়েট ছাত্ররা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রুয়েট ছাত্রদের সঙ্গে অগ্রণী কলেজের ছাত্র এবং স্থানীয়দের সংঘর্ষ হয়।
ওইদিন রুয়েট একাডেমিক কাউন্সিল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন- সিভিল বিভাগের চতুর্থ বর্ষের রেজা, তৃতীয় বর্ষের জনি, দ্বিতীয় বর্ষের শরীফ, কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ফয়সাল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টশন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের রোজ, যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের নাদির ও নয়ন, দ্বিতীয় বর্ষের মুন্না, শামীম, নবীন ও পাভেল।
সিরাজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে।
মারামারি এবং ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ১১ ছাত্রকে শোকজ করা হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24