ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রেণীকক্ষে মুঠোফোনে শিক্ষকদের কথা বলা বন্ধে সরকার দু-একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করবে।
রোববার রাজধানীতে চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে শিশু সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
গত বছরের ২৬ সেপ্টেম্বর চাইল্ড পার্লামেন্টের ৭ম অধিবেশনে শিক্ষামন্ত্রী নাহিদ শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোন ব্যবহার প্রসঙ্গে বলেছিলেন, "এটি একটি গুরুতর অভিযোগ। শিক্ষকরা যাতে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার না করতে পারেন এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হবে।
চাইল্ড পার্লামেন্ট সদস্যরা ওই অধিবেশনেও শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোন ব্যবহার বন্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির সুপারিশ করেছিল।
'চাইল্ড পার্লামেন্ট' হচ্ছে ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জাতীয় পর্যায়ের একটি সংগঠন।
চাইল্ড পার্লামেন্ট সদস্যদের জরিপ অনুযায়ী, ২০১০ সালে স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোন ব্যবহারের হার ছিলো ৭৪%। এ বছর ওই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৫%।
শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি চাইল্ড পার্লামেন্টে উত্থাপন করেন মেহেরপুরের শিশু সংসদ সদস্য মিতু ও চুয়াডাঙ্গার শারমিন সুলতানা সিক্তা।
এরপর এই নীলফামারী জেলার শিশু সাংসদ সুরাইয়া মিমি অধিবেশনের স্পিকার ঢাকা জেলার শিশু সাংসদ রাজু আহমেদের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর শ্রেণীকক্ষে মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ করতে প্রজ্ঞাপন জারির সুপারিশ করে।
অধিবেশনের আলোচ্য বিষয় ছিল 'শিক্ষা ও সুশাসন'। এতে বিভিন্ন জেলা থেকে ৮০ জন শিশু সাংসদ অংশ নেয়।
শিশু সাংসদরা শিক্ষকদের প্রাইভেট কোচিং, কোচিং সেন্টারের কার্যক্রম, অতিরিক্ত পরীক্ষা ফি গ্রহণ, স্কুল ব্যবস্থাপনা, অবকাঠামো, গাইড বই ব্যবহারের প্রবণতা ও গণমাধ্যমে এসব বিষয় প্রচার নিয়ে আলোচনা করে।
শিক্ষামন্ত্রী নাহিদ অতিরিক্ত পরীক্ষা ফি গ্রহণ করলে সংশি
bdnews24