ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭৫ পরবর্তী সরকারগুলো স্বাধীনতাবিরোধী ছিলো দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সে কারণেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
উন্নয়নের জন্য স্বাধীনতার পক্ষের শক্তির ক্ষমতায় থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আগেকার সরকারগুলো নিয়ে এ মন্তব্য করেন বলে তার প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, "স্বাধীনতাবিরোধী অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়নে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতে হয়। '৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় ছিলো বলেই দেশে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি।"
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর মুজিব মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশতাক আহমেদ সরকার গঠন করে। এরপর প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেন জিয়াউর রহমান। পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি।
১৯৮১ সালে জিয়া নিহত হওয়ার তারই কায়দায় ক্ষমতায় গিয়ে আট বছর দেশ শাসন করেন এইচ এম এরশাদ। গণঅভ্যূত্থানে এরশাদের পতনের পর ক্ষমতায় যায় বিএনপি। খালেদা জিয়ার নেতৃত্বে এ সরকার ১৯৯৬ সাল পর্যন্ত ছিলো।
এরপর পাঁচ বছর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ শাসনের পরের পাঁচ বছর ক্ষমতায় ছিলো বিএনপি-জামায়াত জোট।
ঢাবি শিক্ষক সমিতির নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বঙ্গবন্ধুর নামে চালু হওয়া বৃত্তিটি বন্ধ থাকার কথা তারা জানালে প্রধানমন্ত্রী তা পুনরায় চালু করার আশ্বাস দেন। মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনার আশ্বাস দেন তিনি।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা পদক দেওয়ায় প্রধানমন্ত্রীকে শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা পদক অনেক আগেই পাওয়া উচিত ছিলো। স্বাধীনতা সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়।
"২০০৬ সাল থেকেই দেশে গণতন্ত্র নস্যাৎর ষড়যন্ত্র শুরু হয়। শিক্ষকরা তা আঁচ করতে পেরেই আন্দোলন করেন", বলেন তিনি।
সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাবির শিক্ষক নেতারা। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদও বৈঠকে ছিলেন।
ঢাবি শিক্ষকদের আগে বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত আতুরো পেরেস মার্তিনেজ প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেন।
তিনি বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলে প্রেসসচিব জানান।
আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সরকার সংসদকে সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়।"
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের শান্তিপূর্ণ দেশে উন্নীত করার লক্ষ্যের কথাও প্রধানমন্ত্রী স্পেনিশ দূতকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬১০ ঘ.
bdnews24