ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় মন্ত্রী ও সাংসদদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
সোমবার শিক্ষক-কর্মচারী ফ্রন্টের এক বিবৃতিতে রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরও কেন্দ্র পরিদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
দেশের ১০টি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন শিক্ষার্থী।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৩ লাখ ৩০ হাজার ১২ জন এবং ছাত্রী ২ লাখ ৯৯ হাজার ৬০৭ জন।
৩১ মে ৮টি বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেবে ৭৬ হাজার ৯৫৭ জন। এ বোর্ডে ছাত্র সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯৮৪ জন।
কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ৬৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেবে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র এবং ২২ হাজার ১৮২ জন ছাত্রী।
ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৯০৪ জন।
শিক্ষক-কর্মচারী ফ্রন্টের বিবৃতিতে বলা হয়, পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মানসিক চাপ ও উৎকণ্ঠা সৃষ্টি করতে পারে- রাজনৈতিক নেতাদের এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা উচিত।
বিবৃতিতে উল্লেখযোগ্যের মধ্যে সংগঠনের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক ও সহ-সভাপতি আব্দুর রব মিঞার স্বাক্ষর ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/পিডি/২১৫২ ঘ.
bdnews24