২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রস্তুতি সেরে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার শুরু হতে যাচ্ছে। পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার শুরু হতে যাচ্ছে। পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর এইচএসসি ও সমামানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। পরীক্ষা উপলক্ষে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ হয়েছে।" পরীক্ষার আগের দিন হরতাল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় হরতাল করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীদের অসুবিধার কথা তারা বিবেচনা করবেন বলে আশা করি। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ডাকা সোমবারের হরতালের প্রতিক্রিয়ায় এ কথা বলেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৩০ হাজার ১২ জন ছাত্র এবং ২ লাখ ৯৯ হাজার ৬০৭ জন ছাত্রী। ৩১ মে ৮টি বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেবে ৭৬ হাজার ৯৫৭ জন। এ বোর্ডে ছাত্র সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯৮৪ জন। কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ৬৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেবে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র এবং ২২ হাজার ১৮২ জন ছাত্রী। ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৯০৪ জন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ৩১ মার্চ লিবিয়ার ৯ জন পরীক্ষার্থীর জন্য প্রশ্নপত্র ও উত্তরপত্র পাঠানো হয়েছে। বিদেশের পাঁচটি কেন্দ্রে এবার ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মতো এ পরীক্ষাতেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। তিনি বলেন, "গতবারের মতো এবারও ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।" ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, "এ বছর নিবন্ধন করেও পরীক্ষায় অংশ নেবে না ১ লাখ ৩৪ হাজার ২৪২ জন। অর্থাৎ ১৮ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী।" গতবার ১৮ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী নিবন্ধনের পর পরীক্ষায় অংশ নেয়নি। শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ সচিবকে অনুরোধ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আব্দুন নূর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/আরএ/১৫৩৩ ঘ.