লালমনিরহাট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় সহপাঠীর মোবাইল ফোন চুরি করার অভিযোগে দশম শ্রেণীর এক ছাত্রকে বেদম প্রহার করেছেন শিক্ষক।
আলমগীর নামের ওই ছাত্রকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আলমগীর মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "ওইদিন স্কুল ছুটির সময় সহপাঠী ও প্রতিবেশী কালাম ভুলে তার মোবাইল ফোন সেট বেঞ্চে রেখে চলে যায়। আমি তা পেয়ে নিজের কাছে রাখি এবং বাড়ি চলে আসি।"
আলমগীর বলে, "আমি জানতাম এটা কালামের মোবাইল। যেহেতু তাদের বাড়ি আমাদের বাড়ির পাশে তাই ভেবেছিলাম বিকেলে কালামের কাছ থেকে মিষ্টি খেয়ে সেটটি তাকে ফেরত দিয়ে দেব।"
কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই স্কুলের শিক্ষক এরফান আলী আলমগীরকে মুঠোফোনে স্কুলে ডেকে পাঠান।
আলমগীর সঙ্গে সঙ্গেই স্কুলে আসে।
শিক্ষক এরফান আলী আলমগীরের কাছে মোবাইল ফোন সেট ফেরত চাইলে সে তা ফেরত দেয়।
আলমগীর শিক্ষককে জানায়, সে সেটটি চুরি করেনি। ফিরিয়ে দেওয়ার জন্যই নিয়ে গিয়েছিলো।
পরপর এরফান আলী তাকে স্কুলের শিক্ষক মিলনায়তন থেকে মাঠের মাঝখানে নিয়ে গিয়ে দু'হাটু মাটিতে ও দু'হাতে কান ধরিয়ে বসিয়ে (নীলডাউন) বেত্রাঘাত করেন।
হাতে, পিঠে ও পায়ের পাতায় মারতে থাকলে এক পর্যায়ে আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে।
মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আলমগীরের পিঠে ও পায়ের পাতায় বেত্রাঘাতের দাগ।
আলমগীরের মা আসমা বেগম জানান, রোববার রাতে আলমগীরের প্রচণ্ড জ্বর আসে এবং সে বমি করে। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষক নির্দয়ভাবে আলমগীরকে প্রহার করায় এলাকাবাসী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি স্বীকার করি, আলমগীরকে অমানবিকভাবে মারা হয়েছে। আমরা বিষয়টি দ্রুত সমাধান করবো।"
অভিযুক্ত শিক্ষক এরফান আলী বলেন, "ও মোবাইল চুরি করেছে, তাই মেরেছি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, "শিক্ষকের এহেন আচরণ কাম্য নয়।"
আলমগীরের বাবা রজব আলী বলেন, "বিনা অপরাধে আমার ছেলেকে মধ্যযুগীয় কায়দায় মারা হলো। অথচ প্রধান শিক্ষকসহ কেউ আমার ছেলেকে রক্ষা করতে আসেনি।"
তিনি বলেন, "আমি আপরাধীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার প্রস্ততি নিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৫৪ ঘ.
bdnews24