২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির অগাস্ট সংঘর্ষ: ফখরুদ্দীন-মইনকে চিঠি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষ বিষয়ে বক্তব্য নিয়ে আগামী ১৮ এপ্রিল সংসদীয় একটি উপকমিটির বৈঠকে হাজির হতে হবে ফখরুদ্দীন আহমেদ ও মইন উ আহমেদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষ বিষয়ে বক্তব্য নিয়ে আগামী ১৮ এপ্রিল সংসদীয় একটি উপকমিটির বৈঠকে হাজির হতে হবে ফখরুদ্দীন আহমেদ ও মইন উ আহমেদকে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির করা চার সদস্যের ওই উপ-কমিটির সভাপতি রাশেদ খান মেনন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ এপ্রিল উপকমিটির বৈঠক হবে। সেদিন হাজির হতে তাদের চিঠি দিতে সংসদ সচিবালয়কে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে এ চিঠি পৌঁছানো হবে। সংসদ সচিবালয়ের সহকারী সচিব (মুলতবি ও অধিকার) শাহ মাহমুদ সিদ্দিক সন্ধ্যা ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী চিঠি প্রস্তুত করা হয়েছে। যত শিগগির সম্ভব দুই বিভাগের (মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী) সচিবের কাছে চিঠি পাঠানো হবে। বিভাগ দুটি সংশ্লিষ্ট দুজনের (ফখরুদ্দীন ও মইন আহমেদ) কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। ফখরুদ্দীন আহমদ তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। ওই সরকারের ওপর তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদের বেশ প্রভাব ছিলো বলে মনে করা হয়। ওই সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়। গত ২৭ ফেব্র"য়ারি ফখরুদ্দীন ও মইন ইউ আহমেদের বক্তব্য শোনার সিদ্ধান্ত নেয় কমিটি। ওই দিন উপ-কমিটি তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই'র রাজশাহী বিভাগের প্রধান কর্নেল শামসুল আলম খানের বক্তব্য শোনে। তাদের বক্তব্য শোনার পর ফখরুদ্দীন ও মইন উ আহমেদের বক্তব্য শোনার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫০ ঘ.