নারায়ণগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে মাদ্রাসার টিনের চাল ভেঙে পড়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৩ ছাত্র আহত হয়েছে।
শনিবার রাতে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকার সাদেকুল উলুম মাদানী মাদ্রাসার একটি টিনের চালের একাংশ ভেঙে পড়ে। এছাড়া পাশের একটি মার্কেট ও কয়েকটি ঘরের টিনের চালাও উড়ে গেছে।
আহতদের শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাদেকুল উলুম মাদানী মাদ্রাসার অধ্যক্ষ জামাল উদ্দিন জানান, রাত সাড়ে ১১টায় হঠাৎ শুরু হওয়া ঝড়ে মাদ্রাসার টিনের চালের একটি অংশ উড়ে যায়। আরেকটি অংশ ভেঙে মাদ্রাসার ঘুমন্ত ছাত্রদের উপর পড়ে।
এতে আহত হয়- মো. শাওন (৯), মো. ইয়াসিন (৮), মো. মেহেদী হাসান (৮), মো. আব্দুর রহমান (৮), আলামিন (৮), সিয়াম হোসেন (৮) মো. ফয়েজউলল্লাহ (১৬), আমিনুল ইসলাম (১৫), ইমতিয়াজ হোসেন (১৬), আতিকুল ইসলাম (১৯), শহীদুল ইসলাম (১৮), নয়ন মিয়া (১১)।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.
bdnews24