রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করার সময় পুলিশ লাঠিপেটা করেছে।
এতে সংগঠনের আহ্বায়ক আরাফাত রেজা আশিকসহ নয়জন নেতা-কর্মী আহত হয়েছে। আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন- ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন রানা, ইমতিয়াজ আহমেদ, কামরুল হাসান, রোজ ও মেহেদী রায়হান, কর্মী রাজিব, অভি এবং দেলোয়ার।
ছাত্রদলের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুজ্জামান অলিন গত ৮ ফেব্র"য়ারি ছুরিকাঘাতে আহত হন।
ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্রলীগ কর্মীরা অলিনকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় ছাত্রলীগের ৫/৭ কর্মীর বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা হয়েছে। অলিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে ছাত্রদল রোববার ক্যাম্পাসে মিছিল বের করে।
পুলিশ গত ২২ মার্চ মামলার একজন আসামি ছাত্রলীগ কর্মী খালিদ হাসান নয়নকে গ্রেপ্তার করেছে। নয়ন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রোববার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে মৌনমিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ।
আহত রেজা আশিক সাংবাদিকদের বলেন, "ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রশাসন তাতে বাঁধা দিয়ে ও লাঠিপেটা করে স্বৈরতান্ত্রিক আচরণ করেছে। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হন বলে দাবি করেন আশিক।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে বর্তমানে সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচির ব্যাপারে কোনো অনুমতি নেয়নি। তাই পুলিশ বাধা দিয়েছে।
তিনি বলেন, "যারাই ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
মতিহার থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নয়নকে গ্রেপ্তার করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রদল মিছিল করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। অনেক অনুরোধ সত্ত্বেও তারা পুলিশের বাধা মানেনি। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২৯ ঘ.
bdnews24