২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি স্কুল বাসবঞ্চিত দিবা শাখার শিক্ষার্থীরা

শুরুর দিকের ঝক্কি, ঝামেলা আর অভিযোগ উতরিয়ে প্রায় আড়াই মাস ধরে চলছে স্কুল শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। রাজধানীর বিদ্যালয়গুলোর প্রভাতী শাখার শিক্ষার্থীরা এই বাস সার্ভিসের সুফল পেলেও এখনো বঞ্চিত দিবা শাখার শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুর দিকের ঝক্কি, ঝামেলা আর অভিযোগ উতরিয়ে প্রায় আড়াই মাস ধরে চলছে স্কুল শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। রাজধানীর বিদ্যালয়গুলোর প্রভাতী শাখার শিক্ষার্থীরা এই বাস সার্ভিসের সুফল পেলেও এখনো বঞ্চিত দিবা শাখার শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিকালে ছুটির সময় এসব গাড়ি পাওয়া যায় না। গত ১৫ জানুয়ারি প্রাথমিকভাবে মিরপুরের পল্লবী থেকে আজিমপুর রুটে বিআরটিসির স্কুল বাস সার্ভিস চালু হয়। এর আওতায় ১৪টি বাসে নির্ধারিত ভাড়ার বিনিময়ে ২৬টি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সুযোগ পান এ বাসে চড়ার। সকাল ৬টা থেকে পৌনে একটা পর্যন্ত নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিআরটিসির এসব বাস চলাচল করে। রোববার সকালে মিরপুরের পল্লবী ও দুই নম্বর সেকশনে নির্ধারিত স্টপে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বাসের জন্য অপেক্ষা করছেন। দুই নম্বর সেকশনের বাস স্টপে কথা হয় ধানমণ্ডির আট নম্বরের ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী মেহনাজ চৌধুরী টুম্পার সঙ্গে। টুম্পা প্রতিদিনই এ বাসে স্কুলে আসা-যাওয়া করে। "মাঝে মধ্যেই এসব বাস সময়মতো আসে না। তারপরও খুব একটা সমস্যা হয় না। কারণ, কিছুক্ষণ পরপরই বাস রয়েছে", জানায় টুম্পা। এ বাসে যেতে কেমন লাগে জানতে চাইলে সে জানায়, "অন্য অনেক বাসের চেয়ে ভালো। ভিড় হয় না। উঠেই সিট পাওয়া যায়। তাছাড়া এ বাসটি শুধুই আমাদের জন্য।" বিআরটিসির কর্মী মো. আলম জানান, বাস সার্ভিস চালুর প্রথম দিকে বাসে শিক্ষার্থী ছাড়া অন্য যাত্রী ওঠানোর অভিযোগ ওঠে। পরে এ বিষয়টি তদারকির জন্য একজনকে বাসে রাখা হয়। কেউ ভুল করে উঠে পড়লেও বুঝিয়ে বললে তারা নেমে যান। "এখন সবাই জানে এ বাস শুধু বাচ্চাদের জন্য। তাই জেনে কেউ এগুলোতে উঠে না", যোগ করেন তিনি। বাসে শিক্ষার্থী কেমন হয় জানতে চাইলে আলম জানান, প্রায় ৪০-৪৫ জনের মতো হয়। তবে পরীক্ষা থাকলে এ সংখ্যা একটু কমে আসে। পরীক্ষার সময় আগেভাগে স্কুলে পৌঁছার জন্য শিক্ষার্থীরা বাসের অপেক্ষায় না থেকে নিজস্ব ব্যবস্থায় চলে যায়।" তবে মাঝে মধ্যে নির্ধারিত স্টপে বাস পৌঁছাতে একটু দেরি হয় বলে স্বীকার করেন আলম। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ভিকারুননিসা নূন স্কুলসহ বিভিন্ন স্কুলের দিবা শাখার শিক্ষার্থীরা বিকালে বাসায় ফেরার সময় এই বাস পায় না- এমন অভিযোগও রয়েছে। বিআরটিসি'র মিরপুর শাখার ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরই মধ্যে অভিভাবকদের এ আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, "প্রতিটি স্কুলে একটি তথ্য কার্ড সরবরাহ করা হয়েছে যাতে ওই স্কুলে দিবা শাখার শিক্ষার্থীর সংখ্যা এবং কতজন শিক্ষার্থী এই বাসে যাতায়াত করতে চায় সেই তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য পাওয়া গেলেই দিবা শাখার শিক্ষার্থীদের সুবিধার জন্য বিকালে বাস চালু করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/কেএমএস/১৬৪৫ ঘ.