জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'শিবির কর্মী সন্দেহে' দুই ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
সোমবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
হামলার শিকার ওই দুই ছাত্র হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. রফিকুল ইসলাম ও ইউসুফ হোসেন।
তারা জানান, মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা শেষে ফেরার পথে শ্রাবণের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগ কর্মী তাদের ওপর হামলা করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে নিজের কক্ষে নিয়ে যান। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রলীগ কর্মী শ্রাবণ বলেন, "এরা চিহ্নিত শিবির কর্মী। ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।"
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮০৯ ঘ.
bdnews24