বরিশাল, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেজোয়ানের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
দাফনের সাতদিন পর সোমবার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে তার নানা বাড়ি থেকে সোমবার দুপুর ২টার দিকে তার লাশ তোলে পুলিশ। এ সময় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
সোমবার লাশ তোলার সময় মামলার সমীর চন্দ্র, রাজাপুর থানার এসআই আরিফ উপস্থিত ছিলেন।
ময়নাতদন্তের জন্য রেজোয়োনের লাশ ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ৫ মার্চ ঢাকার মতিঝিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদের সঙ্গে বাস কর্মচারীদের সংঘর্ষে আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র মো. রেজোয়ান (২৫) গুরুতর আহত হন। ওই রাতেই ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি। ৬ মার্চ তার মরদেহ রাজাপুরে এনে দাফন করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গত ৮ মার্চ আবেদন করেন সংঘর্ষের ঘটনার হওয়া মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর চন্দ্র সূত্রধর। গত ৯ মার্চ আদালত তা অনুমোদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩০ ঘ.
bdnews24