সিলেট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিবেশ প্রযুক্তি ও নির্মাণ প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বের ১৩টি দেশের শিক্ষক, বিশেষজ্ঞ ও প্রকৌশলী বিজ্ঞানীরা অংশ নেবেন বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক আকতারুল ইসলাম চৌধুরী।
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভারনমেন্টাল টেকনোলজি অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট" (আইসিইটিসিইএসডি) শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ানিং বিভাগ।
ওই বিভাগের প্রধান অধ্যাপক আকতারুল আরো বলেন, "শাবিপ্রবিতে প্রথমবারের মত আয়োজিত এ সম্মেলনে ২০টি সেশনে ১১৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করা হবে।"
এ সময় বৈশ্বিক উষ্ণতা রোধে পরিবেশ প্রযুক্তি ও নির্মাণ প্রকৌশলে টেকসই উন্নয়নের ব্যাপারে আলোকপাত করা হবে। এ সময় ছয়টি ক্যাটাগরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ১৮টি সনদ দেওয়া হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন শাবিপ্রবি ভিসি অধ্যাপক মো. সালেহ উদ্দিন।
তিন দিন ব্যাপী এই সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছে সেভেন রিং সিমেন্ট, আরএসআরএম এবং সিডিএমপি।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক কালের কণ্ঠ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24