রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বিষপানে আত্মহনন করেছে।
সোমবার রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সহপাঠীরা জানান, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই শিক্ষার্থী সাহাকুল ইসলাম সোহাগ (১৮) বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ৪১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরে।
সোহাগের কক্ষে আবাসিক ছাত্র সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার এক মেয়ের সাথে সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। প্রায়ই তার সাথে মোবাইল ফোনে কথা বলতো সোহাগ।
তিনি জানান, সোমবার সকালে সোহাগ তার গ্রামের বাড়ি যায়। রাতে বাড়িতে বিষ পান করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রণব কুমার পাণ্ডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
সোহাগের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে জানান প্রণব পাণ্ডে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে বলেন, "আত্মহনন না করে এ ধরনের সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থীদের উচিত মনোরোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৪০ ঘ.
bdnews24