রাজশাহী, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফয়জুর রহমানকে আহবায়ক পাঁচ সদস্যের একটি 'উচ্চ পর্যায়ে'র কমিটি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বুধবার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদীতে জুতা নিয়ে উঠলে ছাত্ররা তাদের নিষেধ করে। এর জের ধরে ওই কলেজের ছাত্র এবং স্থানীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্ররা অগ্রণী কলেজের কার্যালয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ পুড়িয়ে দেয়। এরপর রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে স্থানীয়রা। এ ঘটনায় গভীর রাতে আবারো স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
দুপুরের ঘটনার পর কর্তৃপক্ষ সন্ধ্যায় জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে।
তবে কমিটির সব সদস্যদের নাম জানানো হয়নি।
উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে খুব দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। সব ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে।
সংঘর্ষের সময় সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মী ও এলাকাবাসীসহ সবার সহযোগিতা চেয়েছেন।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা অগ্রণী কলেজ পরিদর্শন করে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৪-৫শ' ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তহুরা আকতার খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24