২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার আরো ২

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত অভিযোগে আরো দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

রংপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত অভিযোগে আরো দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক রফিকুল ইসলাম আনছারী ও তার স্ত্রী পারভীন আকতার। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা হলো ১৭৯। এর আগে বিজি প্রেসের কর্মকর্তা ও পরীক্ষার্থীসহ ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তীতে সবাই উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্তি লাভ করেছে। মঙ্গলবার কুড়িগ্রামের উলিপুর থেকে পুলিশের অপরাধ তদন্তবিভাগ (সিআইডি) এই শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করে। একইদিন তাদের রংপুরের বিচার বিভাগীয় হাকিম আব্দুস সালামের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন হেফাজতে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত বুধবার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সিআইডি কর্মকর্তারা জানান, সরকারি হাই স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অন্যতম অভিযুক্ত রংপুর সদর উপজেলার উতম গ্রামের শফিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করায় এ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়াগঞ্জিপুরে বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্নজগতে প্রশ্নপত্র ফাঁসের দিন ও তার দু'দিন আগে এরা মোবাইল ফোনে অনেকবার শফিয়ারের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে রফিকুল ইসলাম বলেছেন ২৮ বার এবং পারভীন আকতার বলেছেন ১৮ বার। সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, গ্রেপ্তারদের রংপুরে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ২০১০ সালের ৮ জুলাই রংপুর শহরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুরের বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্নজগত থেকে ২৫ মহিলাসহ ১৬০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে প্রশ্নপত্র, ফটোস্ট্যাট মেশিন, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি মামলা দায়ের করেছিল। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ৯ জুলাই সারাদেশে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে বিজি প্রেসের কর্মকর্তাসহ আরো ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.