রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার শিক্ষক দিবস পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঊনসত্তরের গণঅভূত্থানের সময় এ দিনটিতে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. মোহাম্মদ শামসুজ্জোহা।
বলা হয়ে থাকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক শামসুজ্জোহাই দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তার স্মরণে ১৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকে।
দিনটি পালনোপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিরা সরকারের কাছে ১৮ ফেব্র"য়ারিকে 'জাতীয় শিক্ষক দিবস' ঘোষণার দাবি জানান।
শহীদ ড. শামসুজ্জোহা হলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, শামসুজ্জোহা ছিলেন সেই ব্যক্তি, যার কাছে রাজনীতির চেয়ে দেশপ্রেম বড় ছিল। যার কাছে নিজের জীবনের চেয়ে ছাত্রদের জীবন বেশি মূল্যবান ছিল।
'শাসমুজ্জোহা স্মারকপত্র-২০১১'র মোড়ক উন্মোচন, আলোচনাসভা ও তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জোহার সহকর্মী অধ্যাপক এম আবদুল খালেক।
তিনি সহকর্মী ড. জোহার শহীদ হওয়ার ঘটনার বিবরণ দেন।
অধ্যাপক আবদুল খালেক তার বতৃতায় ১৮ ফেব্র"য়ারিকে জাতীয়ভাবে শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য সরকারের কাছে দাবি জানান।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ্, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মর্ত্তুজা খালেদ প্রমুখ।
পরে অতিথিরা তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ চলচ্চিত্র 'ওয়ার ক্রাইমস-৭১', 'জয়যাত্রা' ও 'মুক্তির গান' প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. রোকন-উজ-জামান ও তাসনুভা রহমান।
ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল পৌনে ৭টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ্, কোষাধ্যক্ষ আব্দুর রহমান ও নিবন্ধক এমএ বারীসহ প্রশাসনিক কর্মকর্তারা শহীদ জোহার কবর ও জোহা স্মৃতিফলকে ফুল দেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
এছাড়া রসায়ন বিভাগ, শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন পেশাজীবী সমিতি ও ইউনিয়ন ফুল দিয়ে জোহার প্রতি শ্রদ্ধা জানায়।
সকাল ৯টায় অফিসার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয় শহীদ জোহা স্মরণে আলোচনা সভা ।
বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত করা হয়। বিকাল ৪টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে 'শহীদ ড. জোহা স্মারকগ্রন্থ'র মোড়ক উন্মোচন, আলোচনা ও তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়।
সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শকদের জন্য খোলা রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/ডিডি/২২৪৬ ঘ.
bdnews24