ঢাকা, ফেব্র"য়ারি ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে গ্রন্থাগারগুলোতে বিনামূল্যে এই সেবা দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযাগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
বৃহস্পতিবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে 'সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে, তথ্য প্রযুক্তির বিকাশে করণীয়' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন (সিসিওএবি) এ সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, "বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের সবপ্রান্তের মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে চায়।"
"এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করা যায়," বলেন তিনি।
অন্যদের মধ্যে জাতীয় গণগ্রন্থাগারের পরিচালক মো. নূর হোসেন তালুকদার, সিসিওএবির সভাপতি নাজমুল করিম ভূঞাঁ, সহ-সভাপতি নিয়ামুল হক খান ও প্রচার সম্পাদক নাছির উদ্দিন সেমিনারে বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী গণগ্রন্থাগারের দোতলায় সিসিওএবির ব্যবস্থাপনায় পরিচালিত চারটি 'কিয়স্ক'-এর উদ্বোধন করেন।
এই কিয়স্কগুলো থেকে গণগ্রন্থাগারের পাঠকরা নির্দিষ্ট সময়ের বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮২০ঘ
bdnews24