২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সকালে এর উদ্বোধন করেন। চবি চারুকলা বিভাগ ও সরকারি চারুকলা কলেজ একীভূত হয়ে এই ইনস্টিটিউট গঠিত হয়েছে। ১৯৯৯ সালের ১১ মার্চ চবি সিন্ডিকেট সভায় ইনস্টিটিউট গঠনের সিদ্ধান্ত হয়। এর প্রায় এক দশক পর ২০১০ সালের ২ অগাস্ট নগরীর বাদশা মিয়া সড়কের চারুকলা কলেজ ক্যাম্পাসেই এর যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, "মাঝে মাঝেই দেশে এমন পরিস্থিতির উদ্ভব হয় যার কারণে শিল্প চর্চা বাধাগ্রস্ত হয়। ছবি আঁকা হারাম- এমন কথা বলার পরিস্থিতি যেন কেউ সৃষ্টি না করতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।" পাশাপাশি মুক্ত গণতান্ত্রিক পরিবেশে স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে চারুকলার শিল্পী ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, "দারিদ্র্য, পশ্চাৎপদতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জীবনসম্পৃক্ত, মানসম্পন্ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। চবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো আলাউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রুহুল আমিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেকান্দার চৌধুরী, ইনস্টিটিউটের পরিচালক মো. জসিম উদ্দিন ও অধ্যাপক আবুল মনসুর। ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে শিল্পী ও শিক্ষার্থীদের নিয়ে একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। এটি চলবে শুক্রবার পর্যন্ত। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/কেএমএস/১৭০১ ঘ.