২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরাদ্দ না বাড়লে সবার জন্য শিক্ষা সম্ভব নয়: মন্ত্রী

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো না হলে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো না হলে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সংসদে আওয়ামী লীগের সাংসদ হাফিজ আহমেদ মজমুদারের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষাখাতে বাজেটের ৩০ শতাংশ বা জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়া না হলে আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে পারব না।" তিনি বলেন, "প্রায়ই বলা হয়- শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বর্তমানে আমরা মোট বাজেটের মাত্রা ১৪ শতাংশ বরাদ্দ পাই।" মন্ত্রী জানান, এর মধ্যে ৯ শতাংশ দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য। বাকি ৮ শতাংশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পায়। জাতীয় বাজেটে ২০১১-১২ অর্থবছরে শিক্ষা খাতে মোট ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় পাবে নয় হাজার কোটি টাকা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাবে আট হাজার কোটি টাকা। নাহিদ বলেন, উন্নয়নশীল দেশের শিক্ষামন্ত্রীরা একমত হয়েছেন যে, আমাদের মতো দেশে শিক্ষা খাতে মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ ব্যয় করা উচিত। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা আখতারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সাধারণ শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে দাখিল পরীক্ষা নেওয়া হচ্ছে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উত্তরপত্র মূল্যায়নে ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে অন্যান্য বোর্ডের পরীক্ষকদের সঙ্গে মাদ্রাসা বোর্ডের পরীক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। নাহিদ জানান, এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসায় বিজ্ঞান শাখা ও কম্পিউটার বিষয় খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৩১টি ফাজিল ও কালিম মাদ্রাসায় চারটি বিষয়ে অনার্স কোর্স খোলা হয়েছে। মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচিতে সাধারণ শিক্ষার মতো ইংরেজি ও বাংলায় ২০০ নম্বরের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কওমী মাদ্রাসাগুলো সরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।" সরকার বা শিক্ষা বোর্ডের অনুমতি নেওয়ার বিধান না থাকায় ব্যক্তি বিশেষের উদ্যোগে কওমী মাদ্রাসাগুলো চালু হয়ে থাকে জানিয়ে তিনি বলেন, কওমী মাদ্রাসার শুমারিসহ বিস্তারিত তথ্য সংগ্রহের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/জেবি/জেকে/২২০৪ ঘ.