২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: অনুপস্থিত ৬৫৮৩, বহিষ্কার ২৩

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে ছয় হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ২৩ পরীক্ষার্থীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে ছয় হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ২৩ পরীক্ষার্থীকে। এছাড়া নকলে সহযোগিতা করার জন্য বহিষ্কার করা হয়েছে ছয় শিক্ষক ও এক হল পরিদর্শককে। মঙ্গলবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ১০টি শিক্ষা বোর্ডে এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৫৮৩ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৬২ জন, কুমিল্লা বোর্ডে ৪০৫, যশোর বোর্ডে ৬৩০, রাজশাহী বোর্ডে ৩১১, চট্টগ্রাম বোর্ডে ১৩৮, সিলেট বোর্ডে ৭৭, বরিশাল বোর্ডে ১৪৭, দিনাজপুর বোর্ডে ২৬৬ জন এবং কারিগরি বোর্ডে (ভোকেশনাল) ৩৮০ জন। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো সবচেয়ে বেশি। এ বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৩৬৭ জন। বহিষ্কার হওয়া ২৩ পরীক্ষার্থীর মধ্যে ঢাকা ও দিনাজপুর বোর্ডে তিন জন করে; যশোর, রাজশাহী ও বরিশাল বোর্ডে একজন করে এবং মাদ্রাসা বোর্ডের (দাখিলে) নয় জন ও কারিগরি (ভোকেশনাল) বোর্ডের পাঁচ জন রয়েছে। কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর: বরগুনা: বরিশাল বোর্ডে ১৪৭ জন অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৪২ জনই বরগুনার। সিরাজগঞ্জ: এ জেলার বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১৩২ পরীক্ষার্থী। এছাড়া নকলের দায়ে ৩টি কেন্দ্র থেকে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। নীলফামারী: এ জেলায় ৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে নীলফামারী আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে শিক্ষক রকিবুল আলম লিটন, ক্কারী আজিজুল ইসলাম, ইসমাইল হোসেন ও আনিসুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। পিরোজপুর: পরীক্ষায় নকলে সহায়তা করার অভিযোগে একটি পরীক্ষা কেন্দ্রের সচিব এবং দু'জন হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজার: ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার ৩৪ জন দাখিল পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত ছিল। একই প্রতিষ্ঠানের ৩৪ জন ছাত্রী অনুপস্থিত থাকার বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। নেত্রকোনা: এ জেলায় মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ১৫ হাজার ২ জন। বৃহস্পতিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/কেএমএস/২১২৩ ঘ.