ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক বিশ্বে নিজেকে তুলে ধরতে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতি এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে যোগ দেন।
উপাচার্য এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “দেশে-বিদেশে যে যেখানেই কাজ করি না কেন, নিজেদের মধ্যে সবসময় পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে।”
অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সন্তান, যারা এসএসসি ও এইসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন, বিভাগে বর্তমানে যারা øাতকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিনও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24