২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরাদের তালিকায় ক্যাডেট কলেজের প্রাধান্য

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার দেশসেরা ফল করেছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। দেশের সেরা ২০ প্রতিষ্ঠানের তালিকায় ১০টিই ক্যাডেট কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার দেশসেরা ফল করেছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। দেশের সেরা ২০ প্রতিষ্ঠানের তালিকায় ১০টিই ক্যাডেট কলেজ। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের কপি হস্তান্তর করেন। বিকালে সংবাদ সম্মেলন করে এবারের ফল সম্পর্কে বিস্তারিত জানান তিনি। এবার সারা দেশে জেএসসিতে পাসের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ৮৩৮ জন। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষা প্রতিষ্ঠনের গড় জিপিএ- এই পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে আট বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকা পর্যালোচনায় দেখা যায়, ৯২ দশমিক ৮৬ স্কোর নিয়ে সেরাদের সেরা হয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলের ৩৩৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে সবাই। আর জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন। ৯১ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ ও ফেনী গালর্স ক্যাডেট কলেজ। এ দুটি কলেজের শতভাগ পরীক্ষার্থী পূর্ণ জিপিএ (৫ এ ৫) অর্জন করেছে। ৯০ দশমিক ৪০ স্কোর নিয়ে সারা দেশে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৫৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতে সারা দেশের শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠানের বাকি ১৭টি হলো- পাবনা ক্যাডেট কলেজ (৮৯ দশমিক ৮৪), বরিশাল ক্যাডেট কলেজ (৮৯ দশমিক ৩১), খুলনার মিলিটারি কলিজিয়েট স্কুল, ফুলতলা (৮৮ দশমিক ১১), ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৮৮ দশমিক ০৮), রংপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ১৩), মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ০৮), মির্জাপুর ক্যাডেট কলেজ (৮৬ দশমিক ৯৮), ভিকারুননিসা নূন স্কুল (৮৬ দশমিক ৫৬), রংপুর ক্যাডেট কলেজ (৮৬ দশমিক ৪১), সিলেট ক্যাডেট কলেজ (৮৫ দশমিক ৯৩), কুমিল্লা জিলা স্কুল (৮৪ দশমিক ৪০), চট্টগ্রামের ডা. খাস্তগীর গালর্স হাই স্কুল (৮৩ দশমিক ৭৮), বগুড়া গালর্স হাই স্কুল (৮৩ দশমিক ৫০), দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেনশিয়াল মডেল স্কুল (৮৩ দশমিক ৪০), ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ (৮৩ দশমিক ১৫), ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজ (৮৩ দশমিক ১৩) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৮৩ দশমিক ০৬)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮৪৯ ঘ.