২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাপনীতে সেরা ফল বরিশাল বিভাগের

প্রাথমিকে বরিশাল ৯৯ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী এবার পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়েছে। আর ইবতেদায়ীতে পাসের হার ৯৪ দশমিক ৬৫ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 09:08 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার সাত বিভাগের মধ্যে সেরা ফল করেছে বরিশালের শিক্ষার্থীরা। প্রাথমিকে এই বিভাগের ৯৯ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী এবার পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়েছে। আর ইবতেদায়ীতে উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬৫ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগওয়ারি ফলাফলে দেখা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার খুলনায় ৯৮ দশমিক ১৩ শতাংশ, ঢাকায় ৯৮ দশমিক ০৮ শতাংশ, রাজশাহীতে ৯৭ দশমিক ৬৩ শতাংশ, চট্টগ্রামে ৯৭ দশমিক ২৪ শতাংশ, রংপুরে ৯৬ দশমিক ৮৫ শতাংশ এবং সিলেটে ৯০ দশমিক ৫৯ শতাংশ। আর ইবতেদায়ীতে পাসের হার- রাজশাহীতে ৯৩ দশমিক ২৪ শতাংশ, রংপুরে ৯২ দশমিক ৭৭ শতাংশ, খুলনায় ৯২ দশমিক ১২ শতাংশ, ঢাকায় ৯১ দশমিক ৪৬ শতাংশ, চট্টগ্রামে ৯০ দশমিক ৪৩ শতাংশ এবং সিলেটে ৮২ দশমিক ১৪ শতাংশ। এ পরীক্ষার জন্য নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং অনুপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে প্রাথমিকে ৭ বিভাগের ৭ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এই হিসাবে প্রাথমিকে রাজশাহী বিভাগের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা বিভাগে খুলনা জিলা স্কুল, ঢাকা বিভাগে মনিপুর উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগে কুমিল্লা মডার্ন স্কুল, বরিশাল বিভাগে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, সিলেট বিভাগে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ ও রংপুর বিভাগে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রাথমিকে ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ীতে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এবারই প্রথম সমাপনী পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে দেওয়া হয়েছে। এবার সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ছাত্র-ছাত্রীকে টেলেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/জেকে/১৫০৬ ঘ.