২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিক্ষক সমিতির দুই প্যানেলের প্রার্থী চূড়ান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম আবদুল গফুর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে প্রধান দুই দল প্রার্থী ঘোষণা করেছে। তিনি জানান, বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষে আওয়ামী লীগপন্থী শিক্ষক সমাজ (হলুদ দল) এবং স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদ আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজ (সাদা দল) নির্বাচনে দুই প্যানেলে অংশ নিচ্ছে। কোনো স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছে না। সভাপতি পদে হলুদ দলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেনু কুমার দে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদা দলের দর্শন বিভাগের অধ্যাপক মো. মোজাফফর আহমদ চৌধুরী। সাধারণ সম্পাদক পদে হলুদ দলের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আজগর চৌধুরীর বিপরীতে সাদা দলের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ বখতেয়ার উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ সভাপতি পদে হলুদ দলের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুয়াজ্জেম হোসেনের বিপরীতে সাদা দলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. ইমাম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোষাধ্যক্ষ পদে হলুদ দলের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এ কে এম তফজ্জল হক ও সাদা দলের পক্ষে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম নির্বাচনে লড়বেন। যুগ্ম-সম্পাদক পদে হলুদ প্যানেল থেকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল হাসান ভূঁইয়ার বিপরীতে সাদা প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রভাষক মো. শাহ আলম নির্বাচনে অংশ নেবেন। এছাড়া কার্যকরী পরিষদের ৬ টি সদস্য পদের জন্যে হলুদ দলের শিক্ষকরা হলেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জীবন চন্দ্র পাল, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ, যোগাযোগ ও সাংবাদিকতার সহযোগী অধ্যাপক মোহাম্মদ সহিদ উল্ল্যাহ এবং বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. জরিন আকতার। একই পদে সাদা দলের প্রার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, আরবি বিভাগের অধ্যাপক আবুস সা’দাত মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী এবং আইন বিভাগের অধ্যাপক খবির উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনার এম আবদুল গফুর বলেন, আগামী ৩১ ডিসেম্বর চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এছাড়া ২৬ ও ২৮ ডিসেম্বর সকাল ১১ থেকে ১টা পর্যন্ত চবি শিক্ষক সমিতির কার্যালয়ে আগাম ভোট গ্রহণ হবে। এবারের মোট ভোটারের সংখ্যা ৬৬৭ বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/০০০৫ ঘ.