জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞাপনে চাওয়া পদের অতিরিক্ত ও অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষকদের একাংশ।
সোমবার সকালে শহীদ মিনারের পাদদেশে ‘শিক্ষক সমাজ’ ব্যানারে এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান বলেন, প্রকৃত মেধাবীদের বাদ দিয়ে অন্য বিশ্ববিদ্যালয় থেকে কম মেধাসম্পন্নদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে মেধাশূন্য করার চক্রান্ত হচ্ছে।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এমএ মতিন বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগে শিক্ষক নিয়োগের প্রয়োজন নেই সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ কামরুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসব কর্মকাণ্ড দেখে আমরা শংকিত।”
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম বলেন, এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে আরো বড় কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন অধ্যাপক আনু মহম্মদ ও অধ্যাপক নাসিম আক্তার হোসাইন।
গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ৩২জন শিক্ষক নিয়োগ দেওয়ার জেরে শিক্ষকরা এ কর্মসূচি নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.
bdnews24