ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষা চর্চা ও বাংলার সমসাময়িক নানা ভাবনার উপস্থাপন, বিনিময় এবং তা থেকে আগামীর দিগনির্দেশনা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, এমবিএ ভবন ও বাংলা একাডেমীতে ইতালি, ভারত, চীন, জাপান, ইরানসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে সম্মেলনে আসা দুইশ’র বেশি প্রতিনিধি বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস, সমাজ, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, দর্শন, নাট্যকলা, ফোকলোর বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দুই বাংলার পণ্ডিত ও গবেষকদের বাংলা চর্চার ফলে একদিকে যেমন বাংলা ভাষা সমৃদ্ধি অর্জন করবে, অন্যদিকে দুই বাংলার বন্ধন অটুট হবে।”
“ভবিষ্যতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি কেমন হবে, কিভাবে সংরক্ষণ করা যাবে এই সম্মেলনের মাধ্যমে তার একটা দিগনির্দেশনা পাওয়া যাবে।”
অনুষ্ঠানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ চক্রবর্তী বলেন, দীর্ঘদিনের ভাঙা-গড়া ও রূপরূপান্তর সত্ত্বেও বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, জ্ঞানসাধনা ও সৃজনশীলতা আজ বিশ্বব্যাপী সমাদৃত।
সম্মেলনের একাডেমিক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বঙ্গবিদ্যা সম্মেলনে অংশগ্রহণকারীরা কোনো না কোনো ভাবে বাংলা গবেষক হওয়ায় এ সম্মেলন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জন্য তাৎপর্যমণ্ডিত।
“এখান থেকে যে লেখাগুলো বেরোবে তা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে। পাশাপাশি দুই বাংলার অংশগ্রহণের মাধ্যেমে একটি ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে।”
জাতীয় অধ্যাপক ড. সালেহ্উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সমিতির সভাপতি ও জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের এমেরিটাস অধ্যাপক ড. তোশিওশি নারা, বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমী যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। গত বছর দিল্লি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এ সম্মেলন আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮৪৬ ঘ.
bdnews24