ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুর জন্য যথাযথ খাবার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ বিষয়কে অন্তর্ভুক্ত করে মেডিক্যাল ও নার্সিংয়ের পাঠ্যসূচিতে সংশোধন আনা হচ্ছে।
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৭৩ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে কম এবং ১৭ শতাংশ বয়সের তুলনায় অনেক বেশি ক্ষীণকায়।
বিশেষজ্ঞদের মতে, জন্মের প্রথম ছয় মাস শিশুকে মায়ের বুকের দুধ দিলে এবং সপ্তম মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধের সঙ্গে ঘরে তৈরি নানা খাবার খাওয়ালে অপুষ্টি এড়ানো সম্ভব। শিশু মৃত্যুর ৬০ শতাংশই অপুষ্টির কারণে হয়ে থাকে।
পাঠ্যসূচি সংশোধনের দায়িত্বে থাকা অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলোজি সোসাইটির সদস্য অধ্যাপক সামিনা চৌধুরী বলেন, “কিন্তু স্বাস্থ্য সেবা দাতাদের মধ্যে এ বিষয়ে জ্ঞানের অভাব রয়েছে।”
শনিবার রাজধানীতে এক কর্মশালায় মেডিক্যাল ও নার্সিং পাঠ্যসূচিতে এ বিষয়গুলো না থাকার বিষয়টি তুলে ধরা হয়।
সামিনা বলেন, “পাঠ্যসূচিতে মায়ের পুষ্টি, বুকের দুধ খাওয়ানো, দুধ খাওয়ানোর সময় মা ও সন্তানের অবস্থান ও সংলগ্নতা, প্রসব পরিকল্পনা ইত্যাদির বিস্তারিত আলোচনায় ঘাটতি রয়েছে।”
“শুধু ঠিকমতো অবস্থান না নেওয়া এবং বুকের সঙ্গে শিশুর সংলগ্ন না হওয়ায় অনেক মা তাদের সন্তানদের ঠিকমতো বুকের দুধ খাওয়াতে পারে না।”
“যতো তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি মেডিক্যাল কলেজগুলোতে এ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবো যাতে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করেন।”
পুষ্টিবিদদের মতে, সাত থেকে আট মাস বয়সী শিশুকে দিনে দুইবার আড়াইশ’ মিলিলিটারের পাত্রের অর্ধেক খাবার খাওয়ানো উচিত।
নয় থেকে ১১ মাস বয়সী শিশুর ক্ষেত্রে সমপরিমাণ খাবার দিনে তিন বার খাওয়াতে হবে এবং ১২ থেকে ২৩ মাস পর্যন্ত দিনে তিন বার পুরো পাত্র খাবার খাওয়াতে হবে।
জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক ফাতেমা পারভিন চৌধুরী বলেন, “ছয় মাস বয়স থেকেই শিশুকে ঘরে তৈরি খাবার খাওয়ানোটা বেশি আগে হয়ে যায়। আবার এক বছরের পরে শুরু করাটাও দেরিতে হয়।
“সময়মতো শুরু করার ওপরই আমাদের মূল গুরুত্ব।”
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা অ্যালাইভ অ্যান্ড থ্রাইভের প্রোগ্রাম স্পেশালিস্ট ড. জবুন্নেসা রহমান বলেন, এ বিষয়গুলো শিক্ষকরা যাতে ক্লাসে পড়াতে পারেন সেজন্য মেডিক্যাল কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
পাঠ্যসূচি সংস্কারে দেড় বছরের এ প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/০০৪০ ঘ.
bdnews24