২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ফরেস্ট্রি শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে বৈষম্যের শিকার দাবি করে এর প্রতিবাদে মৌন মিছিল, মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে বৈষম্যের শিকার দাবি করে এর প্রতিবাদে মৌন মিছিল, মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় ইনস্টিটিউট থেকে মৌন মিছিল বের করে ক্যাম্পাস ঘুরে ইনস্টিটিউটে ফিরে সেখানে মানববন্ধন হয়। মানববন্ধনের পর দুপুর দেড়টায় চবি সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন শিক্ষার্থীরা। এতে শিক্ষকরাও ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইনস্টিটিউটের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, সরকারিসহ বিভিন্ন ধরনের চাকরিতে যোগ্যতা থাকা সত্ত্বেও বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে উর্ত্তীণ শিক্ষার্থীদের যোগ্য বিবেচনা করা হচ্ছে না। উদাহারণ হিসেবে গত ৩ নভেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে ২৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি তুলে ধরে বলা হয়, এতে এ বিভাগের শিক্ষার্থীদের যোগ্য বিবেচনা করা হয়নি। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে ফরেস্ট্রি গ্র্যাজুয়েটদের সুযোগ দেওয়ার দাবি যেমন তারা জানিয়েছেন। অন্যদিকে বিসিএস (বন) ক্যাডারে শুধু বনবিদ্যা ডিগ্রিধারীদের সুযোগ দেওয়ার দাবিও তুলেছেন এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে স্মারকলিপি দিয়ে তাকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/২০৩৩ ঘ.