২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১৭ স্কুল-কলেজ স্থাপন দ্রুত করার তাগিদ

রাজধানীতে নতুন ১৭টি সরকারি স্কুল-কলেজ স্থাপনের কাজ শিগগিরই শুরুর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নতুন ১৭টি সরকারি স্কুল-কলেজ স্থাপনের কাজ শিগগিরই শুরুর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টদের তিনি এ তাগিদ দেন। ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি কলেজ স্থাপন করছে সরকার। ইতোমধ্যে ১৫টির জন্য স্থান নির্বাচন করা হয়েছে। তবে কয়েকটি জমি বুঝে নেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে বুধবার স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের নিয়ে সভা করেন শিক্ষামন্ত্রী। সভায় স্থাপনযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের স্থান নির্বাচন, জমি বুঝে পাওয়া ও নির্মাণ কাজ শুরুর অগ্রগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী সংশ্লি¬ষ্ট এলাকার জনপ্রতিনিধিদের প্রকল্প বাস্তবায়নে জমি সংক্রান্ত সমস্যা সমাধানে ভূমিকা রাখার অনুরোধ জানান। নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় আনুষাঙ্গিকতা শেষ করে শিগগিরই এর নির্মাণ কাজ শুরুর তাগিদ দেন শিক্ষামন্ত্রী। এসব স্কুল-কলেজ স্থাপনে দৈনন্দিন তদারকি আরো জোরদারের আহ্বান জানান তিনি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার সংসদ সদস্য, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ‘ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন প্রকল্প’র প্রকল্প পরিচালক মানিক চন্দ্র দে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১২৩ ঘ.