২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে বৃহস্পতিবার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ১০ম এ আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘স্বাধীনতার গৌরবময় ৪০: চাই সুশাসন-দুর্নীতি প্রতিরোধ’ স্লোগানের এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। গণতন্ত্রের বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিতর্কের মধ্যে গণতন্ত্রের ভিত নিহিত। দেশের সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা গড়তে হলে এ চর্চা অব্যাহত রাখতে হবে।” অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বিতর্কে গণতন্ত্রের মৌলিক উপাদান চর্চার মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যবস্থা হয়।” ডিবেটিং সোসাইটির সভাপতি রিয়াসাদ আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও টিআইবি কর্মকর্তা রেজোয়ান ইসলাম বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিনেট ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৩০ ঘ.