২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ভর্তি পরীক্ষায়ও প্রশ্নে ভুল

একটি প্রশ্নে ভুল থাকার কথা স্বীকার করে মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি১’ ইউনিটের ফল প্রকাশ করা হলেও পরীক্ষার্থীদের অভিযোগ- ভুল ছিল চারটি প্রশ্নে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার বিপাকে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একটি প্রশ্নে ভুল থাকার কথা স্বীকার করে মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি১’ ইউনিটের ফল প্রকাশ করা হলেও পরীক্ষার্থীদের অভিযোগ- ভুল ছিল চারটি প্রশ্নে। কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি প্রশ্ন ভুল থাকায় তা বাদ দিয়ে ৯৯টি প্রশ্ন মূল্যায়ন করে ‘বি১’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। নেগেটিভ মার্কিংও করা হয়েছে ৯৯ এর ভিত্তিতে।” মঙ্গলবার সকালে এই ইউনিটের পরীক্ষা নেওয়ার পর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cu.ac.bd) ফল প্রকাশ করা হয়। এতে সর্বোচ্চ নম্বরধারী পেয়েছেন ৭৮ দশমিক ৫০। অন্যদিকে আল আমিন, আরিফুর রহমান, ইশতিয়াক আহমেদ রাজুসহ এই ইউনিটের কয়েকজন পরীক্ষার্থীর অভিযোগ, প্রশ্নপত্রের ২ নম্বর সেটের ৩, ৪, ২৪ ও ৩০ নম্বর প্রশ্নেও ভুল ছিল। ৪ ও ৩০ নম্বর প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্যে সঠিক উত্তর ছিল দুটি করে। ৩ নম্বর প্রশ্নে বিকল্প উত্তর দেওয়া হয়েছে পাঁচটির জায়গায় চারটি। আর ২৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বিকল্প উত্তরগুলোর মধ্যে ছিল না বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। এর আগে ভুল উত্তরের নম্বর কাটার পদ্ধতিগত ত্র“টির কারণে ‘এ’ (বিজ্ঞান অনুষদ) ও ‘এফ’ (বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট) ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যার চেয়ে কম শিক্ষার্থী উত্তীর্ণ হলে মূল্যানয়ন পদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে কর্তৃপক্ষ দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলে পরীক্ষার্থীদের একটি অংশ আদালতে যায়। বিষয়টি এখনও বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩৭ ঘ.