২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে এক সময়ে চার পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা

একই সময়ে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি ভর্তি পরীক্ষা। তাই যোগ্যতা ও ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা একাধিক পরীক্ষায় অংশ নিতে পারছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি ভর্তি পরীক্ষা। তাই যোগ্যতা ও ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা একাধিক পরীক্ষায় অংশ নিতে পারছে না। বুধবার বেলা আড়াইটায় চবি’র ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ øাতক আরবি ও ইসলামিক স্টাডিজ, চারুকলা, প্রাচ্য ভাষা ও নাট্যকলার ভর্তি পরীক্ষা এক সঙ্গে হবে। অনেক শিক্ষার্থীরই এই চারটি বিভাগের একাধিকটিতে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে। ভর্তি পরীক্ষার্থী নিশাত খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারুকলা ও নাট্যকলায় পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু একই সময়ে হবে, তাই অংশ নিতে পারছি না।” নিশাত ওই দুটি বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। নিশাতের আরো কয়েকজন বন্ধুও একই রকম বিপাকে পড়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে চবি’র ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি পরীক্ষার বিষয়ে আমাদের হেলপ নাম্বারে যারা যোগাযোগ করে আবেদন করেছে, তাদের কলা ও মানববিদ্যা অনুষদের একাধিক বিষয়ে আবেদন করতে নিষেধ করেছি।” আগের ধারা অনুসরণ করেই এ চারটি বিভাগের পরীক্ষা এক সময়ে হচ্ছে বলে জানান তিনি। চারটি পরীক্ষাই চবি কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ইউনিটগুলো হলো ‘বি২’ (আরবি ও ইসলামিক স্টাডিজ), ‘বি৩’ (চারুকলা), ‘বি৪’ (প্রাচ্যভাষা) ও ‘বি৫’ (নাট্যকলা)। ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘বি২’ ইউনিটে তিন হাজার ২৫৬, ‘বি৩’ ইউনিটে ছয় হাজার ৩৭১, ‘বি৪’ ইউনিটে তিন হাজার ১৯১ ও ‘বি৫’ ইউনিটে ৫৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/১৯৫৫ ঘ.