ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “হল তো দেখি আগের মতোই আছে”- দীর্ঘকাল পর নিজের ছাত্রজীবনের সেই হল দেখে বলে উঠলেন আবুল মাল আবদুল মুহিত।
নকশায় কোনো পরিবর্তন না এলেও সংস্কারের রঙ যে পড়েছে কিছু, তা নজরের পড়ার কথাও জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের এ শিক্ষার্থী।
অর্থমন্ত্রী মুহিতের মতো অনেকেই শুক্রবার জড়ো হয়েছিলেন এসএম হলে, হারিয়ে গিয়েছিলেন পুরনো সেই দিনে, আর তাদের সঙ্গ পেয়ে অন্যরকম দিন কাটলো হলের বর্তমান শিক্ষার্থীদেরও।
নামে সলিমুল্লাহ মুসলিম হল হলেও এসএম হল নামেই পরিচিত এ হলে পুনর্মিলনী আয়োজনের পেছনে ছিলো এসএম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
গান, কথামালায় সাজানো এ আয়োজনে স্মৃতিচারণ করতে গিয়ে আইন বিভাগের সাবেক ছাত্র মুহিত বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের লেখা পড়ার মানের অবনমন হয়েছে। এখন বিশ্ব র্যাংকিংয়ে ৪০০ সেরা বিশ্ববিদ্যালয়ের এর মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় নেই।
হলের আরেক সাবেক শিক্ষার্থী তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ হলের ঐতিহ্য ধরে রাখতে বর্তমানদের প্রতি আহ্বান জানান।
সাবেক শিক্ষার্থী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আমাদের সময় এখনকার মতো ভর্তি পরীক্ষা ছিল না। তখন এসএসসি ও এইচএসসির ফল দেখে মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি করা হতো।
হলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে একমাত্র নারীছাত্রী মুনীরা খানও যোগ দেন এ অনুষ্ঠানে। মুনীরা ১৯৫৬-৫৮ বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তখন ছাত্রী হল না থাকায় তাকে এ হলে সংযুক্ত করা হয়।
এছাড়াও ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ ও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪০ ঘ.
bdnews24