চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শাটল ট্রেনের তিনটি অতিরিক্ত ট্রিপ চালানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ২২ কিলোমিটার দূরে হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের øাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন বেলা আড়াইটায় এফ ইউনিটের (ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউট) পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাসিম হাসান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শাটল ট্রেন নিয়মিত সাত বার চলাচলের পাশাপাশি অতিরিক্ত আরো তিন বার করে চলাচল করবে।
তিনি জানান, নগরীর বটতলী রেল স্টেশন থেকে সকাল পৌনে ৭টায় ও পৌনে ৮টায় শাটল ট্রেন অতিরিক্ত দুই বার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এরপর সকাল ৯টা ৫মিনিটে নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে অন্য একটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন সকাল সাড়ে ৭টায়, সকাল ৮টায়, সকাল পৌনে ১০টায়, সকাল সাড়ে ১০টায়, দুপুর ২টা ৫০ মিনিটে, বিকাল ৩ টা ৫০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শাটল ট্রেন ট্রিপ দেয়।
এরমধ্যে সকাল ৯টা ৪৫ মিনিট ও সাড়ে ১০টার ট্রেন দুটি ষোলশহর স্টেশন থেকে ও বাকিগুলো বটতলী স্টেশন থেকে ছেড়ে যায়।
প্রক্টর নাসিম হাসান জানান, পারীক্ষা চলার সময়ে নিয়মিত ট্রেনগুলোও প্রতিদিন শহর ও ক্যাম্পাসের মধ্যে চলাচল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/সিএম/এএইচ/২১০৬ ঘ.
bdnews24